ড. ইউনূসের মন্তব্যের পর ‘চিকেন নেকে’ নিরাপত্তা জোরদার ভারতের

 

বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে ‘চিকেন’স নেক’ নামে পরিচিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিয়ে ভারতে উদ্বেগ দেখা গেছে। সেখানে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় এই করিডোর ‘চিকেন’স নেক’র নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে উন্নত সামরিক অস্ত্র। পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূমি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে দেশটির অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছে। যেখানে নেপাল, বাংলাদেশ, ভুটান ও চীনের সীমান্ত রয়েছে।

কয়েক দিন আগে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য নিয়ে মন্তব্য করেন। সেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশে চীনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে কথা বলেন তিনি।

ইন্ডিয়া টুডে বলেছে, ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে নিজেদের শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে মনে করে। এই পথ ব্যবহার করে সামরিক প্রস্তুতির মাধ্যমে যেকোনো ধরনের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি রয়েছে ভারতীয় সামরিক বাহিনীর।

করিডোরের পার্শ্ববর্তী সুকনায় দেশটির সামরিক বাহিনীর ত্রিশক্তি কর্পসের সদরদফতর রয়েছে। এই বাহিনী অঞ্চলটির নিরাপত্তায় মুখ্য ভূমিকা পালন করে। ত্রিশক্তি কর্পস- রাফাল যুদ্ধবিমান, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত।

দেশটির এই সংবাদমাধ্যম বলেছে, ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডোরের সুরক্ষার বিষয়ে ভারতের অবস্থানকে আরো জোরদার করেছে। তিনি জোর দিয়ে বলেন, ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার পরিবর্তে চিকেন’স নেককে ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে; যেখান থেকে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিনী যেকোনো ধরনের সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দ্রুত অগ্রসর হতে পারবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top