আঃআহাদ, তজুমদ্দিন (ভোলা)
তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রজননক্ষম মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেদের নিয়ে ঘাট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সুইজগেট মৎস্য ঘাটে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে ঘাট সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নদীতে মা ইলিশ রক্ষার অভিযান চলছে। আপনারা-আমরা সবাই সরকারের অংশ তাই নিষিদ্ধ সময়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে হবে। তাহলেই আজকের ইলিশের পোনা বড় হয়ে আগামীদিনে আমাদের আমিষের চাহিদা পূরণ করবে।
মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আল-আমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন, তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সহ রাজনৈতিক ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ।




