বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগরী আমিরদের নাম ঘোষণা করেছেন। ইতোপূর্বে সারাদেশের জেলা ও মহানগরী পর্যায়ে আমির নির্বাচনের জন্য জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন কমিশন রুকনদের ভোট গ্রহনণ করে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী বরিশাল মহানগরীর আমির পদে পুনঃনির্বাচিত হয়েছেন জহিরউদ্দিন মোহাম্মাদ বাবর। জেলা আমির পদেও পুনঃনির্বাচিত হয়েছেন অধ্যাপক আবদুল জব্বার। এছাড়া ঝালাকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, পিরোজপুরে অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, বরগুনায় মাওলানা মোহাম্মাদ মহিব্বুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মুহা. জাকির হোসেন আমির পদে নির্বাচিত হয়েছেন।
আমিরে জামায়াত দেশবাসীর উদ্দেশ্যে বলেন, সাড়ে ১৫ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে।
তিনি বলেন, হাজার হাজার লোক আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা চলা অবস্থায়ও অনেকের মৃত্যু হচ্ছে। যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। তিনি নিহত ও আহতদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় আহতদের চিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিকপ্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সকল শ্রেণি-পেশার মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।




