ঝালকাঠিতে আমুর বিরুদ্ধে মামলা

ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিনার মাহমুদ জুয়েল নামে এক বিএনপি নেতা এ মামলা করেন।

আদালতের বিচারক মো: মনিরুজ্জামান ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করার নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, বিএনপিকে নেতৃত্বশূন্য করার অসৎ উদ্দেশে আমির হোসেন আমুর নির্দেশে সন্ত্রাসী বাহিনী ২০২২ সালের ৭ আগস্ট ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ওপর হামলা করে। সন্ত্রাসীরা তার গাড়ি ভাঙচুর ও তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ঘটনার সময় আতঙ্ক সৃষ্টির জন্য আসামিরা বোমার বিস্ফোরণ ঘটায়।

এতে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় পথচারীরাও বোমার স্পিন্টারের আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় আমির হোসেন আমুসহ ৪১ জনের নামে মামলা করা হয়। মামলার বাদি মিনার মাহমুদ জুয়েল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ছোট ভাই। বাদি মিনার মাহমুদ জুয়েল বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় এতো দিন মামলা করতে পারিনি। আসামিরা আমার ভাইসহ বিএনপি নেতাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আমার ভাইসহ অসংখ্য নেতাকর্মী আহত হয়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মামলার কাগজ এখনো হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top