বরিশাল জার্নাল ডেস্ক
পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে বিএনপি-জামায়াত নেতাদের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। একই রাতে তারা একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে। এতে ইউপি কার্যালয়ের হলরুমে থাকা টিসিবির পণ্য, দরজা, জানালা ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়।
পিরোজপুর জেলা বিএনপি ও জেলা জামায়াত ইসলামীর অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
দুর্বৃত্তদের দেওয়া আগুনে নাজিরপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মুরাদ, শাহিন ভূইয়া ও সামাদ এবং ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মোস্তফা মাঝির দোকানসহ ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলার শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মনির মোল্লা এবং সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুরাদ হাসান বলেন, রাত ২টার দিকে বাজারের পাহারাদার এর ফোন কলে দোকানের কাছে আসি, এসে দেখি দোকানের চারো পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে।
বাজারের পাহারাদার বলেছেন, একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে এসে কারা যেন আগুন দিয়েছে। তারা জানান, দুর্বৃত্তরা শাখারীকাঠি ইউনিয়ন পরিষদের আগুন দেয়। আগুন বেশি ছড়াতে না পারলেও পরিষদের হলরুমে রাখা টিসিবির পণ্য এবং হলরুমের দরজা, জানালা ও বেঞ্চ পুড়ে যায়।
বুধবার সকালে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব ও নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, এবং ক্ষতির খোঁজখবর নেন।
জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা বাসে, মানুষের বাসাবাড়ি, আমাদের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করছে। বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করবে।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দাহ্য পদার্থ ঢেলে ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে কবিরাজ বাড়িতে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আমার দেশ




