‘আমার দেশ’ এর কপি ছেঁড়ার ঘটনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ

 

বরিশাল জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান কর্তৃক প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন (বিজেডইউজে)।

ইউনিয়নের নির্বাহী কমিটির পক্ষে এক বিবৃতিতে সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা এই নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিবৃতিতে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংবাদপত্র ছিঁড়ে ফেলা শুধু একটি পত্রিকার প্রতি অবজ্ঞা নয়, বরং মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চরম অবমাননা। কোনো সংবাদ বা প্রতিবেদনে ভুল থাকলে কিংবা কোনো বক্তব্যে আপত্তি থাকলে তার প্রতিবাদ জানানোর এবং আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু প্রকাশ্যে সংবাদপত্র ছিঁড়ে ফেলে ক্ষোভ প্রকাশ করা বা প্রতিবাদ করা কোনোভাবেই দায়িত্বশীল রাজনৈতিক আচরণ হতে পারে না।

তারা আরও বলেন, সংবাদমাধ্যমের সমালোচনা করার অধিকার সবার রয়েছে, কিন্তু সেই সমালোচনার নামে সংবাদপত্রের প্রতি অবমাননাকর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে সংকুচিত করার আশঙ্কা তৈরি করে।
নেতৃবৃন্দ অবিলম্বে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা এবং অবাধ মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top