বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে ঐশী আক্তার (২৫) নামে এক গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সোহেল খানের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেল খান ও তার ভাইকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশী আক্তারের মৃত্যু হয়।
নিহত ঐশী আক্তার উপজেলার দেহেরগতি ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। অভিযুক্ত সোহেল খান কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদের খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
১ মাস ১০ দিন বয়সী একটি শিশু সন্তান রয়েছে এই দম্পতির।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার চার দিন আগে দাম্পত্য কলহের জেরে সোহেল খানের বিরুদ্ধে স্ত্রীকে লোহার রড দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ ওঠে। এতে ঐশীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে স্বজনরা তাকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল খান ও তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




