বাবুগঞ্জের তিন নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান, নদী চষে বেড়াচ্ছেন ইউএনও ও মৎস্য কর্মকর্তা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। অভিযান সফল করতে নদীতে নিয়মিত টহল দিচ্ছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন চলবে। এ সময়ে ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে নদীতে ইলিশ আহরণ, কেনাবেচা, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর ও অভিযান সফল করতে ইতিমধ্যেই জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে প্রকৃত জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীগুলোতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top