নিজস্ব সংবাদদাতা
হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত তদারকি ও যৌথ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি যৌথ টিম।
বৃহস্পতিবার সকাল ৯টায় ১টি স্পীড বোট এবং ১টি বড় ইঞ্জিন চালিত ট্রলারের মাধ্যমে উপজেলার বাউশিয়া খেয়াঘাট থেকে শুরু করে বিভিন্ন নৌ-রুটে পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান এবং নৌ-পুলিশের ইনচার্জ মো. ইয়াসিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানকালে জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়। নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।




