উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরে সুরভী পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার আগে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও বাসের চালক ও স্টাফরা পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
একসঙ্গে বেড়ে ওঠা তিন বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে আটিপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহপাঠী ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




