বাকেরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে জামায়াতের উদ্যোগে ড্রেন পরিষ্কার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এম রহমান সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাবদ্ধতা নিরসনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনে ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে আসছিল। ফলে সামান্য বৃষ্টিতেই এম রহমান সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে দলীয় উদ্যোগে ড্রেন পরিষ্কারের এ কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান জামায়াত নেতারা।

অভিযানে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. মোশারফ হোসেন, সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসেন, বায়তুলমাল সম্পাদক মো. শহিদুল ইসলাম খান, ওয়ার্ড সদস্য মো. নেসার উদ্দিন, আব্দুর রাজ্জাক ও মিজানুর রহমান এবং কর্মী আমিনুল ইসলাম, বিপ্লব খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে ওয়ার্ড সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে আমরা নিজ উদ্যোগে এই কাজ করছি। পৌরসভার পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে, যাতে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা না হয়।

স্থানীয় বাসিন্দারা ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top