বরিশাল জার্নাল ডেস্ক
মাগুরা শহরের কেশবমোড়ে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। ভেঙে ফেলা জানালা, প্রধান ফটকসহ বাড়ির বিভিন্ন অংশ মেরামত করছেন শ্রমিকরা। দীর্ঘদিন পর বাড়িতে সংস্কারকাজ শুরু হওয়ায় সাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কেশবমোড়ে অবস্থিত সাকিব আল হাসানের দোতলা বাড়িতে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক ভাঙা জানালা মেরামতের কাজ করছেন। বাড়ির অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশেও সংস্কারকাজ চলছে। তবে ওই সময় বাড়িতে পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিবের বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে তার বাবা-মাসহ পরিবারের কেউ সেখানে বসবাস করেন না।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন দিল্লির ফরেন প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেওয়ার পর তার বাড়িতে হামলা চালানো হয় বলে জানা যায়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ও ভেতরের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয়। এ সময় বোমা বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে জানালা, দরজা ও বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।
দীর্ঘ সময় পর ক্ষতিগ্রস্ত বাড়িতে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে আগামী ডিসেম্বরে দলীয় নেত্রীর সঙ্গে দেশে ফেরার ইচ্ছা সাকিব প্রকাশ করেছেন এমন খবরও বিভিন্ন মাধ্যমে এসেছে। ফলে বাড়ি মেরামতের বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। তবে দেশে ফেরার বিষয়ে সাকিবের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সাকিবের মামা ও স্কুলশিক্ষক বাবলুর রহমান বলেন, “বাড়ির জানালা ভাঙা থাকায় বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকছিল। এ কারণে সাকিবের মা শিরিন রেজা ভাঙা কাচের জানালা মেরামতের জন্য শ্রমিক নিয়োগ করেছেন বলে শুনেছি। তবে সাকিব দেশে ফিরছেন কি না, সে বিষয়ে আমার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।”
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়।
স্টার নিউজ




