বরিশাল জার্নাল ডেস্ক
বরিশালের আগৈলঝাড়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুর রইচ সেরনিয়াবাত আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য।
রইচ সেরনিয়াবাতের স্ত্রী এলিনা জাহিন পুতুল জানান, বিকেল ৩টার দিকে আগৈলঝাড়া থানার ওসি বাড়িতে এসে কথা বলার জন্য তার স্বামীকে নিয়ে যান। পরবর্তীতে কোনো মামলা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়।
আগৈলঝাড়া থানার ওসি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
কালবেলা




