মহাসড়কের পাশে পুকুরে উল্টে পড়ল ‘রোজা এক্সপ্রেস’

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল বিমানবন্দর থানাধীন ছয়মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘রোজা এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে উল্টে পড়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।  গুরুতর আহতের খবরও পাওয়া যায়নি। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘রোজা এক্সপ্রেস’ বাসটি ছয়মাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। স্থানীয়দের ভাষ্য, বাসটির ব্রেক ফেল করার পর চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর বাসটি পুকুরে উল্টে পড়লে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। আহত কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

‘রোজা এক্সপ্রেস’ বাসের যাত্রী মাওলানা বসিরুল্লাহ তাহেরী বলেন, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার সায়েদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুদূর আসার পরই কিছু বুঝে ওঠার আগেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। আল্লাহর হুকুমে কোনোভাবে বেঁচে ফিরেছি।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। গুরুতর আহতের খবরও পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বাসের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে সরে যান বলে জানা গেছে। পরে রেকার এনে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top