বিনোদন ডেস্ক
পর্দায় সালমান শাহ ও শাবনূরের রসায়ন মানেই নব্বইয়ের দশকের দর্শকের কাছে অন্যরকম এক নস্টালজিয়া। তাদের অভিনয়, চোখে চোখ রাখা আর সহজ-স্বাভাবিক প্রেমের দৃশ্যগুলো এখনও দর্শকের মনে গেঁথে আছে। সময়ের স্রোতে তিন দশক পেরিয়ে গেলেও সেই জুটির স্মৃতি যেন পুরোনো হয়নি।
এবার সেই প্রিয় সহশিল্পী সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে প্রিয় নায়ককে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী শাবনূর। রোববার (৬ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে সালমান শাহর ছবি প্রকাশ করে তার স্মৃতির কথা তুলে ধরেন অভিনেত্রী।
শাবনূরের পোস্ট
সালমান শাহকে ‘পর্দার সেই প্রিয় রাজপুত্র’ ও ‘মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক’ উল্লেখ করে শাবনূর লেখেন, ‘এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।’
প্রিয় সহশিল্পীর অকালপ্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হওয়া শূন্যতার কথাও তুলে ধরেন শাবনূর। তার ভাষায়, সময় পেরিয়েছে, প্রজন্ম বদলেছে কিন্তু সালমান শাহর জনপ্রিয়তা ও অভিনয়ের মায়া এখনও দর্শকের হৃদয়ে জীবন্ত।
সালমান শাহ ও শাবনূর
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, শুক্রবার মাত্র ২৪ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার আকস্মিক মৃত্যু ঢাকাই চলচ্চিত্রে তৈরি করেছিল গভীর শূন্যতা। তিন দশক পেরিয়ে গেলেও সেই শূন্যতা যেন পূরণ হয়নি।
নতুন প্রজন্মের নায়ক-নায়িকারা এসেছেন, বদলেছে সিনেমার ভাষা কিন্তু সালমান শাহর জায়গাটি রয়ে গেছে আলাদা। আর তার মৃত্যুবার্ষিকীতে শাবনূরের এই স্মৃতিচারণ যেন আবারও মনে করিয়ে দিল—কিছু জুটি পর্দা পেরিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী হয়ে যায়।




