বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় প্রায় দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দোয়ারিকা সেতুর নিকটবর্তী মুগন্ধা নদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. ফিরোজ হাওলাদার (৩২), মো. সুমন সরদার (২৭) ও মো. ছিদ্দিক হাওলাদার (৩২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন এবং বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।




