বিমানবাহিনী ছাড়লেন পাকিস্তানে ধরা পড়া সেই ভারতীয় পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পরে আটক হয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) সাবেক ফাইটার পাইলট অভিনন্দন বর্তমান। এবার তিনি নতুন করে শিরোনাম হলেন। ভারতীয় বিমানবাহিনী থেকে আগাম অবসর নিয়ে বেসরকারি এয়ারলাইনসে বাণিজ্যিক পাইলট হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ২২ বছর বিমানবাহিনীতে দায়িত্ব পালন করা সাবেক গ্রুপ ক্যাপ্টেন ও বীর চক্র পদকপ্রাপ্ত অভিনন্দন আগস্টে গোয়াভিত্তিক আঞ্চলিক এয়ারলাইন ফ্লাই৯১-এ পাইলট হিসেবে যোগ দিয়েছেন।

তবে অভিনন্দন ভর্তমান এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি। ফ্লাই৯১-এর এক মুখপাত্রও কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

২০২৪ সালের মার্চে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করা ফ্লাই-৯১ বর্তমানে ছয়টি উড়োজাহাজ পরিচালনা করছে। এয়ারলাইনটির দুটি ঘাঁটি হলো গোয়া ও হায়দ্রাবাদ।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হন। এরপর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। নয়াদিল্লির দাবি ছিল, হামলার লক্ষ্য ছিল জইশ-ই-মোহাম্মদের একটি প্রশিক্ষণ শিবির।  ভারত ওই হামলায় উগ্রবাদীদের হত্যার দাবি করলেও পাকিস্তান জানায় হামলায় শুধুমাত্র কিছু গাছের ক্ষতি হয়।

পাকিস্তানে হামলা চালাতে গেলে পাকিস্তানের বিমান বাহিনীর এফ-১৬ বিমানের পাল্টা আঘাতে ভারতীয় পাইলট অভিনন্দনের  মিগ-২১ বাইসন বিধ্বস্ত হয় এবং তিনি প্রাণ বাঁচাতে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করেন। পাকিস্তানি বাহিনী তাকে আটক করে তিন দিন বন্দি রাখে। ১ মার্চ রাতে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। ভূপাতিত বিমান থেকে বের হওয়ার সময় তিনি আহতও হয়েছিলেন।

ওই দিন পাকিস্তানের হামলা চালাতে গিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিলো বলে জানা যায়।

অভিনন্দন বর্তমানকে ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক ‘বীর চক্র’ প্রদান করা হয়। পুরস্কারের সনদে আকাশযুদ্ধে তার ‘অসাধারণ দায়িত্ববোধের’ প্রশংসা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top