শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (কামরুজ্জামান গ্রুপ) নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক সমিতির পক্ষ থেকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের নানা সংকট ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সমস্যা, প্রশাসনিক কাজকর্মের জটিলতা এবং শিক্ষার পরিবেশসংক্রান্ত বিভিন্ন বিষয় ইউএনওর সামনে উপস্থাপন করা হয়।
শিক্ষকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। তিনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সাধ্যমতো সমস্যাগুলো সমাধান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে উপজেলার শিক্ষার গুণগত মান ও পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফারহানা আক্তার, সভাপতি, আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, আব্দুর রহমান মিয়া, সহ-সভাপতি, হরিপদ সরকার, সাধারণ সম্পাদক, মোতালেব হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক। এছাড়াও উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সহকারী শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে শিক্ষক সমাজ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আগৈলঝাড়ার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।




