সাইফুল ইসলাম, বাকেরগঞ্জ
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শিরোনামে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের হিসাব তুলে ধরে একটি প্রচারপত্র প্রকাশ করা হয়েছে। এতে বাস্তবায়িত কর্মসূচি, সামাজিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারের উদ্যোগের তথ্য তুলে ধরা হয়েছে।
রোববার সন্ধ্যায় বাকেরগঞ্জে নিজের বাসভবনে এক অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরেন বরিশাল-৬(বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।
প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, ২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে সড়ক, মাটির রাস্তা, সেতু-কালভার্ট, মাদরাসা-মসজিদ, স্কুল ও কলেজের উন্নয়নসহ মোট ১৬৬টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পে বরাদ্দকৃত অর্থের পাশাপাশি বিভিন্ন খাতে সম্পন্ন ও প্রস্তাবিত কাজের বিবরণও দেওয়া হয়েছে।
এতে খাল খনন ও পুনঃখনন, পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত, নতুন স্কুল ভবন নির্মাণ, প্রধানমন্ত্রীর ত্রাণ ও বিশেষ তহবিল থেকে নগদ সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য খাতে ইউনিয়ন পর্যায়ে টয়লেট, গভীর নলকূপ ও ওয়ার্ডভিত্তিক বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে। মৎস্য খাতে পোনা অবমুক্তকরণ এবং বিনামূল্যে চাষ প্রকল্পের তথ্যও রয়েছে।
অন্যদিকে সামাজিক সেবার আওতায় নতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, নগদ অর্থ অনুদান, মহিলা প্রশিক্ষণ, কিশোর-কিশোরী ক্লাব এবং ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে সহায়তার তথ্য দেওয়া হয়েছে।
কৃষি খাতে কৃষক কার্ড, চারা ও ধানবীজ বিতরণ এবং ইউরিয়া সার বিতরণের হিসাব তুলে ধরা হয়েছে। এলজিইডি ও পৌরসভা উন্নয়ন খাতে রাস্তা, কালভার্ট, সেতু, ড্রেন, পার্ক, ব্রিজ ও মার্কেট নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের কথাও প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া যুব উন্নয়ন খাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও ঋণদান এবং ‘২০ হাজার বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সড়কের পাশে গাছ লাগানো ও নদীভাঙন রোধে উদ্যোগের তথ্য সহ সকল তথ্য তুলে ধরেছেন আবুল হোসেন খান।




