বরিশাল জার্নাল ডেস্ক
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হবে। উদ্বোধনী কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনের মাধ্যমে একযোগে ফলাফল জানতে পারবেন।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ডের প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ফলাফল প্রকাশের জন্য প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করে ‘রেজাল্ট কর্নার’ অপশনে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) ব্যবহার করে ফলাফল ডাউনলোড করে তা প্রকাশ করার পরামর্শ দিয়েছে বোর্ড।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করার সুযোগ থাকবে।
এ ছাড়া, পরীক্ষার্থীরা যেকোনো মুঠোফোন নম্বর ব্যবহার করে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবেন। খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।
পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়ন আবেদন কবে থেকে
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনের মাধ্যমে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন
আগে ঘোষণা দেওয়া হয়েছিল, চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। তবে পরবর্তী সময়ে ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর (শনিবার) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নেয়া হয়। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে পরীক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অনুপস্থিতও ছিলেন।




