বরিশাল জার্নাল ডেস্ক
ফেনীর ফুলগাজীতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে তিন বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে। কমিটির আরেক সহ-সভাপতির বয়স বর্তমানে ৬৫ বছর বলে জানা গেছে। তারা দুজনই দুটি ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে থাকা নেতার বাবা।
এছাড়া কমিটির একজন সদস্য ৫ আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতি সক্রিয় থাকার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমনকি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিদেশে থাকা অবস্থায় তার সাক্ষরে কমিটির অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। তবে জেলা ছাত্রদল বলছেন, ‘টাইপিং মিসটেকে’ ছেলের স্থলে বাবার নাম লেখা হয়েছে।
গত সোমবার (১৭ আগস্ট) ফুলগাজীতে মো. আবু ইউসুপকে সভাপতি ও কাজী আব্দুল আলিম বাবুকে সাধারণ সম্পাদক করে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই তারিখে সংগঠনের প্যাডে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে সংগঠনের তথ্য অনুযায়ী, তার আগে থেকেই সাধারণ সম্পাদক বিদেশে অবস্থান করছেন।
সদ্য ঘোষিত উপজেলা কমিটিতে সহ-সভাপতি হিসেবে পাঁচ নম্বরে থাকা শামসুল হুদা মজুমদার তিন বছর আগে মারা গেছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, শামসুল হুদার বাড়ি উপজেলার দরবারপুর ইউনিয়নের পূর্ব দরবারপুর গ্রামে। তিনি দরবারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ হোসেন মজুমদারের বাবা। ২০২৩ সালের ৬ নভেম্বর প্রায় ৭০ বছর বয়সে তিনি মারা যান।
এ বিষয়ে ফরহাদ হোসেন মজুমদার বলেন, ‘উপজেলা ছাত্রদলের মতো একটি গুরুত্বপূর্ণ কমিটি কীভাবে যাচাই-বাছাই ছাড়া ঘোষণা দেওয়া হলো, এটি ঠিক আমার জানা নেই। হুট করে কমিটি দিতে গিয়ে এমন ঘটনা ঘটেছে।’
এদিকে কমিটির তিন নম্বর সহ-সভাপতি আব্দুল মোমেন খন্দকার শান্তর জন্ম ১৯৬১ সালে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ হিসাবে ২০২৬ সালে তাঁর বয়স ৬৫ বছর। এছাড়া তিনি ফুলগাজীর জিএমহাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম উদ্দিনের বাবা বলে জানা গেছে।
এদিকে কমিটির প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে নাঈম উদ্দিন অপিকে। স্থানীয়ভাবে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সে সময় ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি, সভা ও মিছিলেও তাঁকে দেখা গেছে। কমিটি ঘোষণার পর সেসব ছবি এখন ফেসবুকে নানাজনের অ্যাকাউন্টে ঘুরছে।
এসব বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালাহ উদ্দিন মামুন বলেন, ‘আমাদের কাছে সিভি আছে, আমরা সরাসরি দেখে কমিটি করেছি। তবে এখন আবার একটু দেখতে হবে।’
কমিটির অনুমোদনকারী আরেকজন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন প্রায় দুই সপ্তাহ ধরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। হোয়াটসঅ্যাপে তিনি স্ট্রিমকে বলেন, ‘কম্পিউটার টাইপিং মিসটেকের কারণে ছেলের স্থলে পিতার নাম হয়েছে।’ কমিটিতে ছাত্রলীগকর্মীর নাম থাকা তিনি বলেন, তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন, ১০ দিন পর দেশে ফিরবেন। পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ সম্পাদক বিদেশে থাকা অবস্থায় তাঁর স্বাক্ষরে কমিটি অনুমোদনের বিষয়ে জেলা সভাপতি বলেন, তিনি উপজেলা কমিটি অনেক আগে স্বাক্ষর করে পাঠিয়েছেন।
বাংলা স্ট্রিম




