জাকির ফরাজী, পিরোজপুর
পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে পার্কটির সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়।
প্রকল্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার টাকা। অর্থবছর ২০২৪-২০২৫-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলা পরিষদের বাস্তবায়নে সংস্কার ও উন্নয়ন কাজটি সম্পন্ন হবে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স খান ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।
পিরোজপুর শহরের অন্যতম পরিচিত বিনোদনকেন্দ্র হিসেবে ডিসি পার্কের রয়েছে দীর্ঘদিনের পরিচিতি। সংস্কার ও উন্নয়ন কাজ শেষ হলে পার্কটির পরিবেশ আরও নান্দনিক ও দর্শনার্থীবান্ধব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের বিনোদনের সুযোগও বাড়বে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিসি পার্কের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, উন্নয়ন কাজ সম্পন্ন হলে ডিসি পার্কটি পিরোজপুরের অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে আরও প্রাণবন্ত হয়ে উঠবে।




