জাকির ফরাজী, পিরোজপুর
পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ মো. নাদিম শেখ (৩১) নামে এক গ্রাম পুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার কদমতলা বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাদিম শেখ পিরোজপুর সদর উপজেলার পশ্চিম চর কদমতলা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. হায়দার শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাত ৩টার দিকে সদর থানা পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে নাদিম শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
এ ঘটনায় গ্রেপ্তার নাদিম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।




