মাত্র ৭৩ দিনে পবিত্র কোরআন হিফজ করেছে মুছাইব

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

মাত্র ৭৩ দিনে পুরো পবিত্র কোরআন হিফজ করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশাল জেলার গৌরনদীর ঐতিহ্যবাহী হযরত উবাই ইবনে কা’ব (রা.) হিফজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী মো. মুছাইব হোসাইন। সে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মোঃ মিজানুর রহমান বেপারীর পুত্র।

​মুছাইবের এই অসাধারণ অর্জনে তার মাদরাসার শিক্ষক, সহপাঠী, পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের জোয়ার বইছে।

সোমবার (১১ আগস্ট) রাতে হিফজ সম্পন্ন করার পরপরই এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর জামায়াতের আমির মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাব-রেজিস্ট্রার মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম, মুফতি মোঃ মামুনুর রশিদ এবং তার শিক্ষক হাফেজ ক্বারী একরামুল ও হাফেজ মাওলানা আবরারুল হকসহ সম্মানিত ওলামায়ে কেরাম মুছাইবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরকতের জন্য দোয়া করেন।

​মাদরাসা কর্তৃপক্ষ জানায়, মুছাইবের এই সাফল্যের পেছনে তার একাগ্রতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি ওস্তাদদের নিবিড় তদারকি এবং সঠিক দিকনির্দেশনা মুখ্য ভূমিকা পালন করেছে। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি থেকে এর আগেও অনেক শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে দেশজুড়ে সুনাম অর্জন করেছে।

​স্থানীয় আলেম-ওলামারা সন্তোষ প্রকাশ করে বলেন, অল্প সময়ে পুরো কোরআন হিফজ করা নিঃসন্দেহে এক বিরল ও আনন্দের বিষয়। মুছাইবের এই গৌরবময় অর্জন অন্যান্য শিক্ষার্থীদেরও কোরআন চর্চায় উদ্বুদ্ধ করবে।

​মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে মো. মুছাইব হোসাইনসহ সকল শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শুভকামনা জানানো হয়েছে। মহান আল্লাহ যেন তাকে কোরআনের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন—এই প্রার্থনা ব্যক্ত করেন সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top