স্যার না বলে ‘ভাই’ ডাকায় রোগী দেখলেন না চিকিৎসক

বরিশাল জার্নাল ডেস্ক

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত এক চিকিৎসককে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় রোগীর স্বজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বাসিন্দা তানভীর হাসান তার দুই বছর বয়সি শিশু রুজায়াইনকে নিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান। ভুক্তভোগী পরিবারের দাবি, শিশুটিকে বিড়াল আঁচড় দেওয়ায় প্রয়োজনীয় প্রতিষেধকের জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।

ভুক্তভোগী তানভীর হাসানের অভিযোগ, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলামকে সালাম দিয়ে ‘ভাই’ সম্বোধন করে শিশুর বিষয়ে জানান তিনি। চিকিৎসক তখন হাসপাতালে প্রতিষেধক না থাকায় বিকেলে আসার পরামর্শ দেন। পরে যোগাযোগের সুবিধার্থে তানভীর ওই চিকিৎসকের মোবাইল নম্বর চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তানভীরের দাবি, চিকিৎসক তখন মন্তব্য করেন আপনি একজন বিসিএস ক্যাডারকে ‘ভাই’ বলে ডাকেন, আবার তার ফোন নম্বর চান?—এই নিয়ে তর্কে জড়িয়ে একপর্যায়ে তিনি চিকিৎসা না দিয়েই তাদের হাসপাতাল ত্যাগ করতে বলেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রোগীর স্বজন ওই চিকিৎসককে উদ্দেশ করে বলছেন, ‘প্রথমে ঢুকেই আপনাকে সালাম দিলাম, এরপর ভাই বললাম। আপনি কোন গেজেটেড অফিসার যে আপনাকে ভাই বলা যাবে না?’ জবাবে চিকিৎসক বলেন, ‘আপনি চলে যান, আপনার সঙ্গে কোনো কথা বলব না।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. মো. আরিফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ বলেন, ডা. আরিফুল ইসলাম দায়িত্বশীল একজন কর্মকর্তা। ঘটনাটি মূলত ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে। রোগী যোগাযোগের নম্বর চাইলে হাসপাতালের দাপ্তরিক নম্বর দেওয়া যেতে পারত।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top