বরিশাল জার্নাল ডেস্ক
পিরোজপুরের মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর একটি ইউনিয়ন কার্যালয়ের সামনে টায়ারে আগুন দেওয়াসহ পোস্টার টাঙিয়ে দলটির কয়েকজন নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। পরে সেখানে থাকা হাতে লিখিত বিভিন্ন কাগজ সম্বলিত ব্যানারে হুমকিমূলক ও আপত্তিকর লেখা দেখতে পান স্থানীয়রা নেতাকর্মীরা। এছাড়া নেতাকর্মীরা আরও একটি ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান লেখা দেখতে পান।

এ সময় সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান, যুব জামায়াতের সভাপতি রাকিব চাপরাসি ও সাধারণ সম্পাদক সাইফুলকে উদ্দেশ্য করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাগো নিউজ




