গৃহকর্মীদের ইকামা নিয়ে সুখবর দিল সৌদি আরব

বরিশাল জার্নাল ডেস্ক

সৌদি আরবে গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা ইকামা নবায়নে বড় ধরনের ছাড় দিয়েছে দেশটির সরকার। এখন থেকে তিন মাস মেয়াদের জন্যও ইকামা ইস্যু ও নবায়ন করা যাবে। এতে নিয়োগকর্তা পরিবারগুলোর ওপর থেকে এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ অনেকটাই কমবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’ যৌথভাবে নতুন এই ডিজিটাল সেবা চালু করেছে।

আগে গৃহকর্মীদের ইকামা নবায়নের জন্য এক বা দুই বছরের ফি একসঙ্গে পরিশোধ করতে হতো। তবে নতুন নিয়মে নিয়োগকর্তারা তাদের পছন্দ অনুযায়ী ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ কিংবা ২৪ মাসের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে অনলাইনে এই সেবা নেওয়া যাবে।

সৌদির স্থানীয় গণমাধ্যম ওকাজ জানিয়েছে, নতুন এই ব্যবস্থার কারণে কেবল নির্বাচিত মেয়াদের ফি দিলেই চলবে। উদাহরণস্বরূপ, তিন মাস বা এর গুণিতক মেয়াদে ইকামা নবায়ন করলে প্রতি তিন মাস পরপর ফি দেওয়ার সুযোগ রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, গৃহস্থালি কাজের বৈচিত্র্যময় চাহিদা এবং নিয়োগকর্তাদের আর্থিক সক্ষমতার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেসিডেন্সি সেবাকে আধুনিক করা, সরকারি কাজের দক্ষতা বাড়ানো এবং ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের অংশ হিসেবেই এ পদক্ষেপ।

সূত্র: গালফ নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top