বরিশাল জার্নাল ডেস্ক
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় বাসিন্দাদের দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বিশ্বকাপ ফাইনাল ঘিরেও উদ্বেগ তৈরি হয়েছে।
আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। স্টেডিয়ামটি নিউইয়র্ক সিটির খুব কাছেই অবস্থিত। তবে ম্যাচের আগে কানাডার দাবানল থেকে ছড়িয়ে আসা ধোঁয়ায় পুরো অঞ্চলের বায়ুমান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া এখন আমাদের শহরের ওপর ছড়িয়ে আছে। এর অর্থ কী, সেটি আমি পরিষ্কার করে বলতে চাই। বর্তমান পরিস্থিতি সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য নয়, শুধু বয়স্কদের জন্যও নয়—প্রত্যেকেই এর স্বাস্থ্যগত প্রভাব অনুভব করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘এটি খুবই গুরুতর পরিস্থিতি। আমরা এমন একটি বায়ুমানের পর্যায়ে পৌঁছেছি, যা নিউইয়র্কের প্রতিটি মানুষের জন্য বিপজ্জনক। আপনি যদি ভেবে থাকেন আজ দৌড়াতে বের হবেন, তাহলে সেটি আগামীকালের জন্য রেখে দিন।’
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, ‘এই মুহূর্তে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া মানে ১০টি সিগারেট ধূমপানের সমান।’
পরিস্থিতির কারণে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করার আহ্বানও জানানো হয়েছে।
কানাডার দাবানলের ধোঁয়ার প্রভাব শুধু নিউইয়র্কেই নয়, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়েও পড়েছে। এর প্রভাব খেলাধুলাতেও দেখা গেছে। খারাপ বায়ুমানের কারণে শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে।
বিশ্বকাপের ফাইনালের আগে এমন পরিস্থিতিতে আয়োজক, দুই দলের খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এখন সবার নজর ম্যাচের আগেই নিউইয়র্ক ও আশপাশের এলাকার বায়ুমানের উন্নতি হয় কি না।
ডেইলি ক্যাম্পাস




