বরিশাল জার্নাল ডেস্ক
নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে কেপ ভার্দে, আর এই উন্মাদনা ছুঁয়ে গিয়েছে দেশটির সর্বোচ্চ পর্যায়েও। প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাবে তার দল। ভয় না হয়ে ৪ তারিখ মায়ামির ম্যাচের ফলাফল নিয়ে রীতিমতো ভবিষ্যদ্বাণীই করে দিলেন এই আফ্রিকান নেতা, ‘আমরা ১-০ গোলে জিতব।‘
দুর্দান্ত এক ক্যাম্পেইনের পর কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে আফ্রিকান দলটি। উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে নিয়ে গঠিত গ্রুপ পর্ব উত্তীর্ণ হয়ে বুবিস্তার শিষ্যরা জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ, এবার আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়ার পালা।
মাঠের লড়াইয়ের বাইরে থাকছে বিশেষ এক সম্মাননাও। ম্যাচ শুরুর আগে লিওনেল মেসিকে কেপ ভার্দে উপহার দেবে তাদের জাতীয় দলের জার্সি, যেখানে খোদাই করা থাকবে আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশাপাশি চিরাচরিত ১০ নম্বর।
মেসির প্রতি নেভেসের মুগ্ধতা এর আগেও স্পষ্ট হয়েছিল তার বক্তব্যে। ‘মেসি একজন অসাধারণ খেলোয়াড়। কেপ ভার্দেতে তাকে সবাই অনেক সম্মান করে। কেপ ভার্দিয়ানদের কাছে মেসিই বিশ্বের সেরা। তিনি ফুটবল বিশ্বে শ্রেষ্ঠত্ব ও পূর্ণতার প্রতিমূর্তি। তার বিপক্ষে খেলা গুরুত্বপূর্ণ, এটা সম্মান ও গর্বের ব্যাপার। আমাদের জাতীয় দলের জন্য তার মুখোমুখি হওয়াটাই বড় এক অর্জন।‘
তবে আর্জেন্টাইন অধিনায়কের প্রতি এই শ্রদ্ধা তাদের লড়াকু মনোভাবে বিন্দুমাত্র প্রভাব ফেলছে না। ছয় লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বিশ্বাস করে, তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দিয়ে লিখতে পারে ইতিহাসের নতুন এক অধ্যায়।




