উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন চাইলেন ইউপি সচিব

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীর দুমকির ৩ নম্বর মুরাদিয়া ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলামের বিরুদ্ধে পরিষদের উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে উপজেলা প্রশাসনের জন্যও ৫ শতাংশ কমিশনের কথা বলতে শোনা যায়।

গতকাল বৃহস্পতিবার পাওয়া ভিডিওতে সচিবকে বলতে শোনা যায়, সরকারি ভ্যাট ও ট্যাক্স বাবদ ১৭ শতাংশ, জামানত হিসেবে ৫ শতাংশ, তার জন্য ১০ শতাংশ এবং উপজেলা প্রশাসনের জন্য ৫ শতাংশসহ মোট ৩৭ শতাংশ অর্থ রাখতে হবে।

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফোরকান হাওলাদার জানিয়েছেন, প্রায় সাড়ে ৬ লাখ টাকার উন্নয়নকাজ নিয়ে পরিষদের সভায় আলোচনা চলাকালে সচিব আমিনুল ইসলাম ১০ শতাংশ কমিশন এবং উপজেলা প্রশাসনের জন্য ৫ শতাংশ কমিশন দাবি করেন। এ সময় উপস্থিত ইউপি সদস্যরা প্রতিবাদ জানান।

অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সচিব আমিনুল ইসলাম। তার দাবি, তিনি এমন কোনো কথা বলেননি। তার ভাষ্য, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হয়ে থাকতে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুলাহ খায়রুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানিয়েছেন, সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের কমিশন নেওয়ার সুযোগ নেই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top