বরিশাল জার্নাল ডেস্ক
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ছানি কেদারপুর এলাকায় সুগন্ধা নদীতে ডুবে মৃত্যুবরণ করা যুবক মো. রুমন (রোমান) বেপারীর পরিবারের খোঁজখবর নিয়েছেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
সোমবার সকালে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর শোক ও সমবেদনা জানান। এ সময় তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরিদর্শনকালে নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, মৃত্যু মহান আল্লাহর নির্ধারিত বিধান। প্রিয়জন হারানোর শোক কখনো পূরণ হওয়ার নয়, তবে ধৈর্য ও আল্লাহর প্রতি আস্থা রেখে এ কঠিন সময় মোকাবিলা করতে হবে। সমাজের বিত্তবান ও দায়িত্বশীল মানুষদের উচিত শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করে। নিহত রুমনের পরিবারের প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, কেদারপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আতহার আলী, জামায়াত নেতা মাস্টার শিহাব উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ১২ জুন দুপুরে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছানি কেদারপুর গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন বেপারীর ছেলে মো. রুমন (রোমান) বেপারী সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের পর স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরদিন ১৩ জুন বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় সুগন্ধা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং পরিবারে নেমে আসে গভীর শোকের মাতম।
নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া করেন।




