মনপুরায় বিএনপি কার্যালয়ে লেখা ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় উত্তেজনা

বরিশাল জার্নাল ডেস্ক

ভোলার মনপুরায় দোকানঘর ও বিএনপি কার্যালয়ের টিনশেডের বেড়ায় ‘জয় বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

আজ রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা হারুন মিরের ছেলে শফিক মির।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নতুন বাজার এলাকার কয়েকটি দোকান ও বিএনপি অফিসের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাজারে অবস্থানরত শফিক মিরকে সন্দেহে আটক করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় ধস্তাধস্তির মধ্যে যুবদল নেতা লোকমান ছৈয়াল আহত হন বলে জানা গেছে।

তবে এ ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেছেন সংগঠনটির স্থানীয় কয়েকজন নেতা।

নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আটক শফিক মিরের মুক্তি চান তিনি।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাস্টারের ভাষ্য, এ বিষয়ে উপজেলার নেতাদের সঙ্গে আলোচনা করে দলীয় ও আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top