বরিশালে খেলাঘরের ‘শিশু বন্ধন’

বরিশাল জার্নাল ডেস্ক

শিশু রামিসা হত্যা এবং দেশজুড়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বরিশালে ‘শিশু বন্ধন’ কর্মসূচি পালন করেছে খেলাঘর।

আজ রবিবার সকালে নগরীর অশ্বিনীকুমার হলের সামনের সড়কে আয়োজিত এ কর্মসূচি থেকে দ্রুত বিচার নিশ্চিত ও শিশুদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা রামিসার মতো নির্মম হত্যাকাণ্ড আর দেখতে চায় না শিশুরা উল্লেখ করেন। বললেন, প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছেন, এখন সবাই তার বাস্তবায়নের অপেক্ষায়। তারা শিশু ধর্ষণসহ সব ধরনের নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে এবং শুকতারা খেলাঘর আসরের সভাপতি কাজী সেলিনার সঞ্চালনায় কর্মসূচিতে শিশু-কিশোরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সংহতি জানিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য জীবন কৃষ্ণ দে, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু ও সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত।

এ ছাড়া বক্তব্য দেন রক্তঝুমুর খেলাঘরের শিশু সদস্য রাইসা ও নাফি, শিক্ষক নেতা আমিনুল ইসলাম খোকন, সনাকের সভাপতি টুনু রানী কর্মকার, বাংলাদেশ মহিলা পরিষদের শিউলি সিংহ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান শাহীন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির, চারুকলা বরিশালের সংগঠক সুভাষ চন্দ্র নিতাই, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, রক্তঝুমুর খেলাঘর আসরের সভাপতি কামরুন নাহার মেরী এবং জাগৃহী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানা পলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top