পাকিস্তানে ‘তেলাপোকা আওয়ামী লীগ’ নামে দল গঠন

বরিশাল জার্নাল ডেস্ক

ভারতের তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশের পর এ নিয়ে নেট দুনিয়া উত্তাল। যার ঢেউ আছড়ে পড়েছে পাকিস্তানেও। সেখানেও এখন তেলাপোকার নামে বিভিন্ন দল গঠন করা হচ্ছে। এরমধ্যে তেলাপোকা আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টি এবং মুত্তিহিদা তেলাপোকা মুভমেন্ট নামে তিনটি দল তৈরি করা হয়েছে।

এসব দলের নামে তৈরি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোর ফলোয়ার বাড়ছে হু হু করে।

তেলাপোকা আওয়ামী লীগ দলটি তাদের বায়োতে লিখেছে “তরুণদের একটি রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা পরিচালিত দল, পাকিস্তানের জন্য।”

এসব দল যেসব লোগো ব্যবহার করেছে সেগুলোর সঙ্গে ভারতের তেলাপোকা জনতা দলের লোগোর সাদৃশ্য রয়েছে।

ভারতের প্রধান বিচারপতি সুরিয়া কান্ত সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় দেশটির বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। এর প্রতিবাদ স্বরূপ অভিজিত দিপকে নামে ৩০ বছর বয়সী এক তরুণ তেলাপোকা জনতা দল নামে একটি দল গঠন করেন। যা দেশটিতে ব্যাপক আলোড়ন ফেলে। তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এখন পর্যন্ত দুই কোটি মানুষ যুক্ত হয়েছে। যা বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের চেয়েও বেশি।

প্রধান বিচারপতি তরুণদের নিয়ে বলেন, “তেলাপোকার মতো অনেক তরুণ আছে, যারা কোনো চাকরি পায় না, কর্মক্ষেত্রে তাদের কোনো স্থান নেই।”

এ বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হলে প্রধান বিচারপতি পরবর্তীতে বলেন, যারা ভুয়া সার্টিফিকেট নিয়ে চাকরিতে ঢোকে, তাদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন তিনি।

ঢাকা পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top