বরিশাল জার্নাল ডেস্ক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
আজ শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিম হাওলাদার ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
আহতরা হলেন নিহতের ছোট ভাই মালেক হাওলাদার, দেলোয়ার হাওলাদার, ভাগ্নে মিজানুর রহমান ও খবির শিকদার। আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই শহিদুল ইসলাম জানান, দেলোয়ার হাওলাদারের কেনা একটি জমি নিয়ে একই এলাকার রিপন হাওলাদার, আউয়াল মেম্বার, সুমন হাওলাদার ও উজ্জ্বল গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
তার ভাষ্য, শুক্রবার ওই জমিতে বালু ভরাট করতে গেলে বিকালে রিপন হাওলাদার ও আউয়াল মেম্বারের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র, রড, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে হালিম হাওলাদার গুরুতর আহত হন।
নিহতের ভাই দেলোয়ার হাওলাদার দাবি করেন, তাদের ক্রয়কৃত জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। এতে তার বড় ভাইসহ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে তার ভাইয়ের মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আগামীর সময়




