মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই তিন বেলা খাবার ফ্রি

বরিশাল জার্নাল ডেস্ক

মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই তিন বেলা খাবার ফ্রি। একটি ছোট মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে মানবতার এক অনন্য উদাহরণ। খাবার খেতে লাগবে না এক টাকাও। ভাঙাচোরা একটি মসজিদ। আর ঠিক পাশেই প্রাকৃতিক স্নিগ্ধ পরিবেশে গড়ে উঠেছে এক ব্যতিক্রম হোটেল। মসজিদে নামাজ আদায় করলে মিলছে সম্পূর্ণ বিনামূল্যে খাবার।

মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের বাবলা মাথাভাঙ্গা গ্রামে এমন দৃষ্টান্ত দেখা মিলেছে। এখানে নেই লাভ-লোকসানের হিসাব, নেই দৃশ্যমান প্রাপ্তির কোনো চিন্তা। বরং মুখে খাবার তুলে দেওয়াই হলো তার আনন্দ। একজন মানুষ যিনি আল্লাহর ঘরের জন্য দান করেছেন। সেই জমির ওপরই নির্মাণ করেছেন একটি সাধারণ মসজিদ। মসজিদের পাশে খোলা আকাশের নিচে বাঁশের চরাটের ওপর তার হোটেল। শুধু তাই নয়, কেউ যদি টাকা দিতে অপারগতা হন, তবুও তাকে বিনা খরচে খাবার দেওয়া হয়। আর যারা সামর্থ্য অনুযায়ী দিতে পারেন, তাদের জন্য রাখা হয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। এই হোটেলে মাত্র ৩০ টাকায় আনলিমিটেড খিচুড়ি ও ডিম ভাজি, ৪০ টাকায় মাংসসহ খিচুড়ি এবং ৭০ টাকায় পেট ভরে বিরিয়ানি খাওয়ার সুযোগ রয়েছে।

অনেক সময় গরু কিংবা পোলট্রির মাংসও পরিবেশন করা হয়। পথচারী, দরিদ্র ও অসহায় মানুষের জন্য এখানে খাবার সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি দেওয়া হয়। এ মানবিক উদ্যোগের উদ্যোক্তা আব্দুল মজিদ মণ্ডল একজন সাধারণ মানুষ। নিজের জমিতে মসজিদ নির্মাণের পাশাপাশি তিনি গড়ে তুলেছেন এ ‘মানবতার হোটেল’। প্রতিদিন ফজরের নামাজ শেষে নিজ হাতে রান্না করা থেকে শুরু করে খাবার পরিবেশন এবং পরিষ্কারের কাজও তিনি নিজেই করেন।

কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন আব্দুল মজিদ মণ্ডল। চিকিৎসার জন্য ঢাকায় গেলে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। তবে সুস্থ হয়ে ফিরে এসে তিনি আরো দৃঢ় মনোবলে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার বিশ্বাস, মানুষের দোয়া ও ভালোবাসাই তাকে নতুন জীবন দিয়েছে। এলাকাবাসীর মতে, আব্দুল মজিদ মণ্ডলের এ উদ্যোগ শুধু একটি দৃষ্টান্তই নয়, বরং মানবতা, ভালোবাসা ও সহমর্মিতার এক উজ্জ্বল প্রতীক। তার মসজিদে এলাকার এক মোয়াজ্জেম জীবনের শেষ দিন পর্যন্ত ফ্রি ইমামতি করার প্রত্যয় ব্যক্ত করেন। এখন গ্রামবাসীও তার কাজে সহযোগিতা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top