‘কৃষক কার্ড’ উদ্বোধনে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক

‘কৃষক কার্ড’ উদ্বোধন করতে এক দিনের সফরে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন দেশের ১১ উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন। এ ছাড়া  জননেতা মওলানা ভাসানীর মাজার জিয়ারত করতে সন্তোষে যাবেন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরসহ দেশের ১১ উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব উপজেলার ২২ হাজার ৬৫ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে যাবে।

তিনি বলেন, এই কার্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের দেওয়া হবে।

 

সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি নির্ভরযোগ্য পরিচিতি নিশ্চিত করা যাবে।

 

এদিকে প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফল করার জন্য সরকারি ও দলীয়ভাবে ব্যাপক তৎপরতা চলছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থর পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি দিনে টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় এটি জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষকদের জন্য, মেহনতি মানুষের জন্য জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেই মওলানা ভাসানীর ঐতিহ্যবাহী টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মর্সূচির উদ্বোধন হবে, এটা অত্যন্ত গর্বের। সুলতান সালাউদ্দিন টুকু জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top