বরিশাল জার্নাল ডেস্ক
যশোরের ঝিকরগাছায় আহত একটি হনুমান নিজেই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পশু হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
হনুমানটির চিকিৎসা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে আহত হনুমানটি দুপুরের দিকে হাসপাতালে এসে হাজির হয়। প্রথমে চিকিৎসা শেডের একটি টেবিলে বসে থাকে। পরে ফার্মেসি কক্ষে ঢুকে ওষুধের বোতল ঘেঁটে দেখে এবং কিছু খাওয়ার চেষ্টা করে। পরে চিকিৎসকরা এগিয়ে এলে প্রাণীটি আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে যায়। কোনো ধরনের প্রতিরোধ না করে চিকিৎসা নেয়। চিকিৎসকরা তার শরীরের পেছনের ক্ষতস্থান পরিষ্কার করে ভায়োডিন দিয়ে ড্রেসিং ও ব্যান্ডেজ করে দেন।
এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার বলেন, সম্প্রতি কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানটিকে আঘাত করে। এরপর থেকে প্রাণীটি চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছিল। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাতেও যাওয়ার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, চিকিৎসার সময় হনুমানটি সম্পূর্ণ শান্ত ছিল এবং কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেনি। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুক্ষণ পর সেটি হাসপাতাল এলাকা ছেড়ে চলে যায়।




