আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত.দুলাল মল্লিকের ছেলে রুমিচ মল্লিক’র ঘরে বসে মাদক বিক্রির সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালিয়ে রুমিচ মল্লিক ও তার সহযোগী একই উপজেলা শিহিপাশা গ্রামের শামচুল আলম’র ছেলে মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে সোমবার রাতে একশো পিস ইয়াবাসহ রুমিচ মল্লিক’র বাড়ি থেকে গ্রেফতার করে।
এ ঘটনায় এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে আদালতে তোলা হয়েছে।




