শ্বশুরবাড়িতে বেড়াতে আসা আ.লীগ নেতাকে কোপালেন যুবদল নেতারা

বরিশাল জার্নাল ডেস্ক

নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে যুবদল নেতাকর্মীদের হামলায় আলী আজগর ভূঁইয়া ওরফে খোকন মাস্টার নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় খোকনের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। খোকন লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

 

ভুক্তভোগীর পরিবার জানায়, ঈদের নামাজ শেষে খোকন হাজিগঞ্জ এলাকায় তার শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার দিকে যুবদল নেতা শাহীনের নেতৃত্বে সজীব, সাদ্দামসহ ১০-১৫ জনের একটি দল শ্বশুরবাড়িতে গিয়ে খোকনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। হামলার সময় বাড়িতে থাকা নারীদের লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

 

তবে হামলার অভিযোগ অস্বীকার করেন লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিন। তিনি বলেন, ‘যেহেতু রাজনীতি করি, সে কারণে আমার ইউনিয়নের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায় আমার ওপর আসাটাই স্বাভাবিক। তবে এই হামলা কে বা কারা করেছে, আমি জানি না। ঘটনার সময় আমরা এলাকায় ছিলাম না।’

 

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় কিছু দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

ওসি বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top