ছাত্রাবাসের টিন বিক্রি করলেন দুই ছাত্রদল নেতা

ডেস্ক রিপোর্ট

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন বিক্রির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ নিয়ে সমালোচনার মধ্যেই কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দুই ছাত্রদল নেতা গত ২২ ফেব্রুয়ারি কলেজের ছাত্রাবাসের পুরোনো রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সূমিল।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জোনায়েদ হোসেন সাব্বির ও রাব্বি মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

কলেজ সূত্রে জানা গেছে, নতুন রান্নাঘর নির্মাণের উদ্যোগ নেওয়ায় সম্প্রতি জরাজীর্ণ রান্নাঘরের চালের টিন খুলে ফেলা হয়। পরে অভিযোগ ওঠে, ওই মালামাল বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে হোস্টেল সুপার হাফিজুর রহমান প্রথমে দাবি করেন, ছাত্রদলের নেতারা টাকা ছাড়াই মালামাল নিয়ে গেছেন। তবে পরে তিনি জানান, লিখিত আবেদন করার পর ১০ হাজার টাকায় তাদের কাছে মালামাল বিক্রি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে অব্যাহতি পাওয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির খান বলেন, আমাদের কাছে লিখিত আবেদনের কপি আছে। কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের মাধ্যমে নিলাম প্রক্রিয়ায় রান্নাঘরের মালামাল নেওয়া হয়েছে।

ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী বলেন, জরাজীর্ণ রান্নাঘরের মালামাল নেওয়ার জন্য দুই ছাত্রনেতা আবেদন করেছিলেন। বিষয়টি দেখভালের জন্য হোস্টেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top