মাহমুদুল হাসান, বানারীপাড়া
বরিশালের বানারীপাড়া ডাকবাংলো মোড়ের শুভ রেস্টুরেন্টে গত ৩০ নভেম্বর দুপুর ১২টার দিকে সিঙ্গারা কেনার সময় জিন্নাত আরা ঐশীর হাত থেকে তার ওয়ালেট (মানিব্যাগ) অসাবধানতাবশত পড়ে যায়। বাড়ি ফিরে ওয়ালেট খুঁজে না পেয়ে তিনি আবার রেস্টুরেন্টে ফিরে আসেন এবং আশপাশের লোকজনের কাছে জানতে চাইলে রহিম স্টোরের মালিক জানান—এক কিশোরকে সেটি কুড়িয়ে নিতে দেখেছেন।
পরবর্তীতে রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ থেকে করে ওই কিশোরকে শনাক্ত করা হয়। সে বানারীপাড়া মাহমুদিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জিজ্ঞাসাবাদে সে জানায়, ওয়ালেটটি উঠিয়ে রেস্টুরেন্টের ফ্রিজের ওপরে রেখেছে। তবে সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য পাওয়া যায়নি। বিষয়টি তার বাবাকে জানালে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং কারও কথা শুনতে রাজি হননি। পরে বিষয়টি জানাতে মাদ্রাসা সুপারের কাছে গেলে শিক্ষক সাইদুল ভুক্তভোগীকে অপমান করে তাড়িয়ে দেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী পরিবার জানায়- টাকার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ওয়ালেটে থাকা জাতীয় পরিচয় পত্র ও ভিসা কার্ড। সেগুলো তারা ফেরত চায়।
এ বিষয়ে বানারীপাড়া থানায় জিডির জন্য গেলে থানা কর্তৃপক্ষ অভিযোগ দাখিলের পরামর্শ দেন। পরে ভূক্তভোগী জিন্নাত আরা ঐশীর মা মরিয়ম বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
ঐশী বরিশাল সরকারি নার্সিং কলেজের নার্সিং তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. হেলাল ফকির বানারীপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।




