লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার পাঁচ ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দেবে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। এসব লাশ গ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সংবাদমাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার এ তথ্য জানিয়েছে।

চুক্তিতে বলা আছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৩৩তম দিনে মৃত জিম্মিদের লাশ ফেরত দেওয়া হবে। ওই ৩৩তম দিনটি আগামী বৃহস্পতিবার পড়বে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই পাঁচ জিম্মি হামাসের কাছে থাকা অবস্থায় মারা গেছেন। তবে তারা কীভাবে মারা গেছেন সেটি জানানো হয়নি। দখলদার ইসরায়েলের যত জিম্মি এখন পর্যন্ত মারা গেছেন তাদের বেশিরভাগই তাদের সেনাদের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে হামাস।

যে জিম্মিদের লাশ ফেরত পাঠানো হবে তাদের নাম বৃহস্পতিবার সকালে ইসরায়েলকে জানাবে ফিলিস্তিনি হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস। গাজা থেকে লাশগুলো ইসরায়েলে পৌঁছানোর পর সেগুলো আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যাবে ইসরায়েলি সেনাদের অ্যাম্বুলেন্স। ওই সময় তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজটি করা হবে। যখন পরিচয় নিশ্চিত হওয়া যাবে ঠিক তখনই তাদের পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হবে।

কান পাবলিক ব্রডকাস্টার পাঁচ জিম্মির লাশের কথা বললেও; আরেক সংবাদমাধ্যম ওয়ালা নিউজ জানিয়েছে, ওইদিন চারটি লাশ ফেরত দেওয়া হবে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার মৃত জিম্মিদের লাশ পাঠানোর পর আগামী শনিবার তিন জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে কারাগারে থাকা ফিলিস্তিনিদের একটি দলকে মুক্তি দেবে ইসরাইল।

গাজা উপত্যাকয় যুদ্ধবিরতির প্রথম ধাপ চলছে এখন। এই ধাপ চলার সময়েই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হওয়ার কথা। যদিও সেই আলোচনা এখনো শুরু হয়নি। তবে উভয় পক্ষই আলোচনার প্রস্তুতি নিচ্ছে এমন আভাস দিচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top