মির্জাগঞ্জ প্রতিনিধি
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে মির্জাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারি ষ্টেশন অফিসার মোঃ ইব্রাহীম, সাংবাদিক কামরুজ্জামান বাঁধন, সিয়াম রহমান হিমেল, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য মোঃ জাহিদুল ইসলাম ও এনজিও আভাস এর অগ্রপথিক শাহিদা আক্তার প্রমূখ।
দিবসের কর্মসূচী শুরুর প্রাক্কালে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ার ফাইটারদের উদ্যোগে অতিথিদের উপস্থিতিতে উপজেলা পরিষদ মাঠে অগ্নি নির্বাপণ বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড রোধের উপায় প্রদর্শন করা হয়।




