বাকেরগঞ্জ( বরিশাল) সংবাদদাতা
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৬১৪ জন ভোটারের (ডেলিগেট সদস্য) মধ্যে ৫৫২ জন ভোটার প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করেন।
ডেলিগেটদের ভোটাভুটিতে সভাপতি পদে সাবেক পৌর বিএনপির আহবায়ক নাসির জোমাদ্দার ৩৬৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলিম জোমাদ্দার ১৮৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে শাহাবুদ্দিন তালুকদার শাহিন ৩৬০ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী শাহ আলম পেয়েছেন ১৬৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাসির হাওলাদার ৩৪৩ ভোট পেয়ে প্রথম স্থান ও মাইনুল খান ২১০ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তাদের নিকটতম প্রার্থী মোশাররফ হোসেন সবুজ ২০২ ভোট পান।
সম্মেলন সম্পর্কে বলতে গিয়ে প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, তারেক রহমানের নির্দেশে বরিশাল বিভাগে এই প্রথম সকল ওয়ার্ডের ৬ শতাধিক নেতাকর্মীর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করা হয়েছে।
সম্মেলনে সভাপতির বক্তব্যে বরিশাল জেলা বিএনপির আহবায়ক (দক্ষিণ) আবুল হোসেন খান বলেন, শতভাগ গনতান্ত্রিক উপায়ে বাকেরগঞ্জ পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। কাজেই সকলকে নতুন নেতাদের ডাকে সারা দিয়ে দল ও দেশের জন্য কাজে নামতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন, বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার প্রমুখ।




