গৌরনদী উপজেলার ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ’ এর আয়োজনে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানব ন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে ঢাকা- বরিশাল মহাসড়কে গৌরনদী বাসস্টান্ডে মানববন্ধন কর্মসূচিতে উপজেলার কয়েক শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত হয়ে তাদের দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
‘শিক্ষক সমাজ’র গৌরনদী উপজেলার সভাপতি মো. আবু হানিফ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বোরহান উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম জাফর, সরিকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাশিদা পারভীন লুনা, এস এম জাকির হোসেন, আবুল খায়ের, রফিকুল ইসলাম টিটু, সুদাম চন্দ্র পালসহ শিক্ষক নেতারা।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে সম্মান জানাতে হবে। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। শিক্ষকদের সংসার চলে এখন অভাব অনটনে। শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য নিরলস পরিশ্রম করা শিক্ষকরা সম্মানের সাথে বাঁচতে চায়।
এছাড়া বর্তমান বাজার মূল্য হিসেবে ১৩তম গ্রেডের বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
দাবি আদায়ের জন্য সামনে আরো কঠোর কর্মসূচি ঘোষণারও হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আব্দুল্লাহ খান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।




