বাসস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নাশকতা সষ্টিকারী যুবলীগ কর্মী, একাধিক হত্যা মামলার আসামি ও কিশোর গ্যাং লিডার ফয়সাল ওরফে ‘কিলার ফয়সাল’কে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার গনি কলোনি থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৭ শুক্রবার জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থেকে লালদিঘিস্থ জেলা পরিষদ মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় সাবেক দুই প্রভাবশালী মন্ত্রী ও অন্যান্য আরো ২৮ জন এজাহারনামীয় আসামিদের নির্দেশে কিলার ফয়সাল এবং অন্য আসামিরা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার বিজয় মিছিলের ওপর হামলা চালায়।
এ সময় বিজয় মিছিলে অংশগ্রহণকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয় এবং রাম দা, লাঠিসোঠা দিয়ে পিটিয়ে ছাত্রদেরকে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।
গোলাগুলিতে ছাত্র মো. রবিন (১৪) বাম পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় তাৎক্ষণিক ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। উপস্থিত ছাত্র-জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এই মামলার এজাহারভূক্ত পলাতক আসামি ফয়সাল চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন পশ্চিম বাকলিয়া ডিসি রোড গণি কলোনিতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরীর দেওয়ান বাজারের ইসমাইল প্রকাশ লালু মিয়ার পুত্র ফয়সালকে গ্রেফতার করে। আসামির পিসিপিআর পর্যালোচনা করে চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও হত্যা চেষ্টা সংক্রান্ত ৬টি মামলার তথ্য পাওয়া যায়।
আসামিকে নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।




