নিজস্ব প্রতিবেদক
‘সবসময় আপনার পাশেই আমরা’ এই স্লোগানে বরিশাল থেকে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল জার্নাল’। বিশ্বস্ততা আর বস্তুনিষ্ঠতার অঙ্গীকার নিয়ে ২০ সেপ্টেম্বর শুক্রবার বেলা আড়াইটায় ‘বরিশাল জার্নাল’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান রফিকুজ্জামান রুমান।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, গণমাধ্যমকে সব সময় জাতির আশা-আকাঙ্ক্ষায় দিকে লক্ষ্য রেখে সংবাদ পরিবেশন করতে হবে। দেশ গঠনের যে সোনালী সুযোগ জাতির সামনে এসেছে তা বাস্তবায়নে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে। বরিশাল জার্নাল সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরো বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি বরিশালের মিডিয়া জগতের সেরা সংবাদমাধ্যম হয়ে উঠবে বলে আমি আশা করি।
ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম তার বক্তৃতায় বলেন, বরিশাল জার্নাল গণমানুষের মুখপত্র হয়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করবে। আমরা জনগনের পাশে থেকে তাদের কথাগুলো বলে যেতে চাই। আর এ দায়িত্ব পালন করবে একদল তরুণ ও উদ্যমী সংবাদকর্মী।
সম্পাদক বায়েজীদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি প্রফেসর মাহমুদ হোসেন দুলাল, বরিশাল জার্নালের প্রকাশক মো. মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম এবং দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।




