উজিরপুর প্রতিনিধি
‘সুস্থ জীবন, সুন্দর দিন—বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিন’ এই স্লোগানকে সামনে রেখে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের নয়াকান্দি বাজারে দিনব্যাপী ‘বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নয়াকান্দি বাজার প্রাঙ্গণে এই স্বাস্থ্য ক্যাম্পের প্রথম ধাপের কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা থেকে দুপুর ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
সামাজিক উদ্যোক্তা, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবক মুহাম্মদ আব্দুল কাদির জিব্রানের উদ্যোগে, বাস্তবায়নে ও সার্বিক পরিচালনায় ক্যাম্পটি পরিচালিত হয়। এতে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে ‘মেডিফেস হেলথ কেয়ার’ এবং ‘মেডিহেলথ ফিজিওথেরাপি’। এছাড়া পুরো আয়োজনে আর্থিক সহযোগিতায় ছিলেন মোহাঃ ইব্রাহিম বখতিয়ার।
বিনামূল্যে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় জনগণের স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা রাখা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—ওজন মাপা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ (ব্লাড প্রেসার) মাপা এবং রক্তের গ্রুপ নির্ণয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য। এমন জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
আয়োজকরা আরও জানান, এই স্বাস্থ্য ক্যাম্পের ধারাবাহিকতায় বুধবার এর দ্বিতীয় ধাপের কার্যক্রম রাজাপুর বাজারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




