উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, থাকছেন যারা

বরিশাল জার্নাল ডেস্ক

সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনা এবং বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা বাড়ানোর লক্ষ্যে উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (১১ নভেম্বর) এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। তিনি জানান, পর্যায়ক্রমে সমাজের নানা পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এনসিপিতে যুক্ত হবেন। তাদের সঙ্গে এনসিপির আলাপ-আলোচনা চলছে।

প্রাথমিকভাবে পরিষদের যাদের নাম জানা গেছে, তারা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল অব. ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, ডাকসুর সাবেক এজিএস বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রফেসর ড. এস এম আবদুল কুদ্দুছ প্রকৌশলী সাবিনা আহমেদ, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী। এখন পর্যন্ত তাদের নাম জানা গেছে।

প্রাথমিকভাবে ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কাউন্সিল গঠন করছেন তারা। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে।

বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা জোরদার এবং দলের সাংগঠনিক কাঠামো বিস্তারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

দলীয় সূত্র বলছে, উপদেষ্টা পরিষদের সদস্যরা রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে দলকে বিভিন্ন বিষয়ে কৌশলগত পরামর্শ দেবেন। তাদের দেওয়া পরামর্শগুলো এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এ পর্যালোচনার পর বাস্তবায়নের পদক্ষে নেওয়া হবে।

রাজনীতিতে পরিবর্তনের বার্তা দিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top